শিলিগুড়ি , ১৮ নভেম্বর : মালদা থেকে ব্রাউন সুগারের বড় চালান নিয়ে বাগডোগরায় হাজির যুবক | কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার আগেই পুলিশের পাতা জালে ধরা পড়ল অভিযুক্ত ! উদ্ধার ২৬৮ গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার | ফের বড়সড় সাফল্য বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশের |
এসটিএফের গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২৮ বছর বয়সি মেস বাবুল হুসেন নামে এক যুবককে গ্রেপ্তার করে বাগডোগরা থানার পুলিশ । ধৃত যুবক মালদার কালিয়াচক এলাকার সাইবাজপুরের বাসিন্দা । পুলিশ সূত্রে খবর , মালদা থেকে বাসে করে তিনটি প্যাকেটে ব্রাউন সুগার নিয়ে বাগডোগরার বিহার মোড় এলাকায় সরবরাহ করতে এসেছিল অভিযুক্ত । তবে আগে থেকেই এসটিএফের তথ্যের ভিত্তিতে সতর্ক ছিল বাগডোগরা থানার পুলিশ ।
অভিযুক্ত মুনি মোড়ে বাস থেকে নামতেই তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে পুলিশ। এরপর মুনি চা বাগান সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কের কাছে তাকে আটক করা হয়। এসিপি অনির্বাণ মজুমদারের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে তিনটি প্যাকেটে মোট ২৬৮ গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন বাগডোগরা থানার ওসি কল্যাণ সাহাও । ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।বুধবার রিমান্ডের আবেদন জানিয়ে অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ।

