শিলিগুড়ি , ১৪ মার্চ : ট্রেনে করে ব্রাউন সুগার পাচারের আগেই এক যুবতীকে গ্রেপ্তার করল জিআরপি । ধৃত যুবতীর নাম তসলিমা খাতুন (২৮)। সে অসমের মরিগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে ।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে অভিযান চালায় জিআরপি ও তাদের এসওজি টিম । সেই সময় ডাউন বিবেক এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে ট্রেনটিতে তল্লাশি চালানো হয় । তল্লাশির সময় জেনারেল কামরা থেকে সন্দেহজনক অবস্থায় ওই যুবতীকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে প্রায় ৪৮গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান ,উদ্ধার হওয়া মাদকটি অসম থেকে কেরালায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । ধৃত যুবতীকে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । ঘটনার তদন্ত করছে জিআরপির আধিকারিকরা।
