September 2, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Road : রিম্বি ইউকসোম সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন !

শিলিগুড়ি , ২ সেপ্টেম্বর : টানা বৃষ্টির জেরে ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়ল পশ্চিম সিকিমের গুরুত্বপূর্ণ রিম্বি ইউকসোম সড়ক । পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে রাস্তা জুড়ে জমেছে মাটি , পাথর এবং বড় বড় ধ্বংসাবশেষ । ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে ওই রুটে যান চলাচল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু যোগাযোগ ব্যবস্থাই নয় , ধসের আশপাশে থাকা বেশ কয়েকটি বাড়িও এখন বিপদের মুখে । পাহাড়ের ঢাল ক্রমশ আলগা হয়ে পড়ায় নতুন করে ধস নামার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, ধস থেমে গেলেও পাহাড়ের সংশ্লিষ্ট অংশ এখনও পুরোপুরি নিরাপদ নয় বলে আশঙ্কা করা হচ্ছে । রাস্তার ধারে থাকা বাড়িগুলির বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের দাবি , দ্রুত বিশেষজ্ঞদের দিয়ে পাহাড়ের ঢালের পরিস্থিতি পরীক্ষা করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক ।

স্থানীয়দের বক্তব্য , প্রতি বর্ষাতেই একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । শুধুমাত্র রাস্তা থেকে ধ্বংসাবশেষ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা চালু করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। ভবিষ্যতে যাতে একই এলাকায় বারবার ধস না নামে , তার জন্য পাহাড় সংরক্ষণ এবং স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি ।

বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে । তবে আবহাওয়া স্বাভাবিক না হওয়া এবং ধসপ্রবণ অংশ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ বলেই মনে করা হচ্ছে । কবে ফের রিম্বি–ইউকসোম সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হবে, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন স্থানীয় বাসিন্দা, পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষ এবং পর্যটকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *