শিলিগুড়ি , ২ সেপ্টেম্বর : শিলিগুড়ির মাটিগাড়ায় একটি শপিং মলের হোটেল ও রেস্তোরাঁগুলিতে সারপ্রাইজ অভিযান চালাল শিলিগুড়ি পুলিশ এবং দার্জিলিং জেলা প্রশাসন । দার্জিলিং জেলা প্রশাসনের খাদ্য বিভাগ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয় । অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার শাহেদ ওয়াকার রাজা ।
মূলত রেস্তোরাঁগুলিতে যে সমস্ত খাবার সাধারণ মানুষকে পরিবেশন করা হচ্ছে , সেই খাবারের গুণমান থেকে শুরু করে রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা | সবকিছুই খতিয়ে দেখেন আধিকারিকরা। খাবার তৈরির সময় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা , রান্নাঘরের পরিবেশ কেমন , খাদ্যসামগ্রী কীভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং খাবারের মান নির্ধারিত নিয়ম অনুযায়ী রয়েছে কিনা এসব বিষয়েই চলে বিস্তারিত পরিদর্শন ।
এই পরিস্থিতিতে মাটিগাড়ার শপিং মলের রেস্তোরাঁগুলিতে প্রশাসনের এই সারপ্রাইজ ভিজিট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
তবে এবারের অভিযানে স্বস্তির খবর । পরিদর্শন চলাকালীন ওই শপিং মলের হোটেল ও রেস্তোরাঁগুলিতে বড় ধরনের কোনও অসঙ্গতি নজরে আসেনি বলেই জানা যাচ্ছে । খাবারের মান এবং রান্নাঘরের পরিবেশও খতিয়ে দেখেন আধিকারিকরা ।
প্রশাসনের এই ধরনের আকস্মিক অভিযানকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষও। কারণ, বাইরে থেকে একটি রেস্তোরাঁ যতই পরিষ্কার-পরিচ্ছন্ন দেখাক না কেন , খাবার তৈরির পিছনে রান্নাঘরের পরিবেশ ঠিক কেমন—তা সাধারণ ক্রেতার পক্ষে জানা সম্ভব নয়।
তাই নিয়মিত নজরদারি এবং সারপ্রাইজ ভিজিটের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সচেতন মহল।

