July 1, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Project : জেলার উন্নয়নের গতি বাড়াতে বিশেষ ভূমিকা

শিলিগুড়ি ,১ জুলাই : জেলার উন্নয়নের গতি বাড়ানো এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তব চিত্র খতিয়ে দেখতে শিলিগুড়ি গেস্ট হাউসে অনুষ্ঠিত হল জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি দিশার গুরুত্বপূর্ণ বৈঠক । বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


বৈঠকে উপস্থিত ছিলেন রাজু বিস্তা , আনন্দময় বর্মন , দার্জিলিংয়ের জেলাশাসক, মহকুমা প্রশাসনের আধিকারিক ও বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিরা। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, মাটিগাড়া এবং নকশালবাড়ি এলাকার একাধিক কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।
গ্রামীণ সড়ক নির্মাণ, পানীয় জল সরবরাহ, আবাসন প্রকল্প , ভূমির পাট্টা প্রদান এবং স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন সংক্রান্ত কর্মসূচিগুলির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয় বৈঠকে। একইসঙ্গে প্রকল্প বাস্তবায়নের পথে থাকা বিভিন্ন প্রশাসনিক ও পরিকাঠামোগত সমস্যাও চিহ্নিত করা হয় ।


বৈঠক শেষে সাংসদ রাজু বিস্তা জানান , সংশোধিত কর্মসংস্থান প্রকল্পে কাজের দিন ও মজুরি বৃদ্ধি করা হয়েছে । তার দাবি , দার্জিলিং ও কালিম্পং জেলায় বিপুল সংখ্যক শ্রমিক এই প্রকল্পের আওতায় উপকৃত হচ্ছেন এবং স্বচ্ছতা বজায় রাখতে ভুয়ো জব কার্ড চিহ্নিত করে বাতিল করা হয়েছে ।


অন্যদিকে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ উত্তরবঙ্গে উচ্চশিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন । তিনি জানান, বাগডোগরা সংলগ্ন এলাকায় IIT ও AIIMS প্রতিষ্ঠার জন্য উপযুক্ত জমি চিহ্নিত করার প্রক্রিয়া চলছে । যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি, তবুও উদ্যোগ অব্যাহত রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *