July 23, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : টানেলের উদ্ধার অভিযান শেষে মোট মৃত্যু ২৫


শিলিগুড়ি , ২৩ জুলাই : সিকিমের টানেলের উদ্ধার অভিযান শেষে উদ্ধার ২৫ জনের দেহ |
সিকিমের নামচি জেলার সামারডুংয়ে এনএইচপিসির তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে চার দিন ধরে চলা উদ্ধার অভিযান বৃহস্পতিবার শেষ হয়েছে। আজ আরও তিনটি দেহ উদ্ধার হওয়ায় মোট ২৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে । এরপর টানেলের সম্পূর্ণ অংশ তল্লাশি চালিয়ে প্রশাসন নিশ্চিত করেছে , ভিতরে আর কেউ আটকে নেই ।


মৃতদের মধ্যে রয়েছেন এনএইচপিসি , এআরএক্স এবং প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্মী ও আধিকারিকরা। নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের ১১ জন , ঝাড়খণ্ডের ৪ জন , জম্মু ও কাশ্মীর ও উত্তরাখণ্ডের ২ জন করে এবং কেরল, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পঞ্জাব ও অসমের ১ জন করে রয়েছেন ।


উদ্ধার হওয়া দেহগুলি সিংতাম জেলা হাসপাতাল, এসটিএনএম হাসপাতাল গ্যাংটক, নামচি জেলা হাসপাতাল এবং সেন্ট্রাল রেফারেল হাসপাতাল (সিআরএইচ), মণিপালে পাঠানো হয়েছে । পরিচয় নিশ্চিত হওয়া দেহগুলি ইতিমধ্যেই পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে ।

এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ করার জন্য সিকিম সরকার একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
নামচি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্ধার অভিযানে এনডিআরএফ, এসডিআরএফ, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের মাইনস রেসকিউ টিম, সিকিম পুলিশ, দমকল, স্বাস্থ্য দপ্তর, এনএইচপিসি এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর যৌথভাবে অংশ নেয়। গোটা অভিযান পর্যবেক্ষণ করে সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এসএসডিএমএ)। অভিযান সফলভাবে শেষ হওয়ায় সংশ্লিষ্ট সমস্ত সংস্থা ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *