শিলিগুড়ি , ২১ অগাষ্ট : অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার অভিযোগ , শিলিগুড়ি পুরনিগমে মহিলাদের বিক্ষোভ ঘিরে সাময়িক উত্তেজনা |
অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভ দেখালেন শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা । তাদের অভিযোগ , তারা প্রকল্পের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও এখনও অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাননি ।
বিক্ষোভকারী মহিলাদের দাবি , নিজেদের আবেদনের স্ট্যাটাস জানতে তারা শিলিগুড়ি পুরনিগমে এসেছিলেন। কিন্তু পুরনিগমের আধিকারিকদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাননি বলে অভিযোগ। বরং তাদের বিধানসভা এলাকায় গিয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
এদিন পুরনিগমের উত্তরণ , উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ বিভাগে গিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। তাদের বক্তব্য, যোগ্য হওয়া সত্ত্বেও কেন তারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তার স্পষ্ট জবাব চান । যদিও এ ব্যাপারে পুরনিগমের তরফে কোন বক্তব্য মেলেনি |
