শিলিগুড়ি , ১৯ নভেম্বর : উৎসবের মরশুম শেষ হতেই এবার শহরের বেহাল রাস্তা সংস্কারে কোমর বেঁধে নামতে চলেছে শিলিগুড়ি পুরনিগম । দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন সাধারণ মানুষ । কোথাও রাস্তার পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত , আবার কোথাও খানাখন্দের কারণে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে যানবাহন চালক থেকে শুরু করে পথচারীদের ।
বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমে এক সাংবাদিক বৈঠক করে পর্যটনমন্ত্রী জানান , প্রায় ৩২ থেকে ৩৩ কোটি টাকা ব্যয়ে শহরের মোট ৫৮ টি রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে । আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই এই কাজ শুরুর সম্ভাবনা রয়েছে । নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যেই রাস্তা সংক্রান্ত নাগরিকদের অভিযোগ অনেকটাই কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিনের সাংবাদিক বৈঠকে শুধু রাস্তা সংস্কারই নয় , শিলিগুড়ি পুরনিগমের একাধিক প্রশাসনিক ও নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন পর্যটনমন্ত্রী । বিল্ডিং প্ল্যান অনুমোদনের প্রক্রিয়া , শহরের পার্কিং ব্যবস্থা এবং পুরনিগমের রাজস্ব আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি । বিশেষ করে শহরের বিভিন্ন এলাকায় পার্কিং ফি আদায়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে কড়া অবস্থান নেন মন্ত্রী ।
কোনওরকম বৈধ টেন্ডার ছাড়া পার্কিং ফি আদায় করা যাবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি । পার্কিং ব্যবস্থাকে আরও নিয়মের মধ্যে আনতে এবং এই সংক্রান্ত অনিয়ম বন্ধ করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান । পাশাপাশি সাধারণ নাগরিকদের সুবিধার্থে অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ পরিষেবা চালুর ঘোষণাও করেন শঙ্কর ঘোষ। এবার থেকে শহরের বিভিন্ন সমস্যা , নাগরিক পরিষেবার ঘাটতি কিংবা পুরনিগম সংক্রান্ত অভিযোগ জানাতে ৯০৪৬০০৪৬৬০ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ ।
