শিলিগুড়ি , ২১ অগাষ্ট : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে এসে সীমান্ত সুরক্ষা নিয়ে কড়া বার্তা দিলেন । তিনি জানান , দেশের সীমান্ত সুরক্ষার জন্য সরকার যা যা প্রয়োজন , তার সবকিছুরই ব্যবস্থা করেছে । একইসঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত রাখতে কেন্দ্র সম্পূর্ণ বদ্ধপরিকর বলেও জানান তিনি।
শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল বা এসএসবির একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে এসএসবির জওয়ানদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি । অমিত শাহ জানান, এই প্রথমবার এসএসবির কোনও কর্মসূচিতে সরাসরি যোগ দেওয়ার সুযোগ পেলেন তিনি । তার কথায় , এসএসবি কোনও রাজনৈতিক সংগঠন নয় , বরং দেশের সার্বভৌমত্ব , সীমান্ত ও নিরাপত্তার এক অতন্দ্র প্রহরী ।
অনুষ্ঠান থেকে সীমান্ত সুরক্ষার জন্য জমি পাওয়ার ক্ষেত্রে আগের রাজ্য সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অমিত শাহ । তার দাবি , সীমান্ত নিরাপত্তা পরিকাঠামো গড়ে তুলতে ২০২৪ সাল থেকেই প্রায় ১,১২৯ একর জমি চাওয়া হয়েছিল । কিন্তু বারবার অনুরোধ করা সত্ত্বেও সেই জমি পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। এমনকি এ বিষয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত হননি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
অন্যদিকে, বর্তমান সরকারের আমলে প্রশাসনিক সহযোগিতার ক্ষেত্রে পরিবর্তন এসেছে বলেও দাবি করেন অমিত শাহ।
এদিনের অনুষ্ঠানেই শিলিগুড়িতে এসএসবির নতুন প্রশাসনিক ভবন তৈরির কথাও ঘোষণা করা হয়। প্রায় ৮০ একর জমির ওপর এই নতুন প্রশাসনিক ভবন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করার পাশাপাশি এসএসবির পরিকাঠামোগত উন্নয়নেও এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
