শিলিগুড়ি , ১২ সেপ্টেম্বর : জাল নথি তৈরি করে ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার আগেই পুলিশের জালে শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝারের বাসিন্দা । ধৃতের নাম সুদেব রায়। ফুলবাড়ি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , জাল নথি ব্যবহার করে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল সুদেব রায় । সেই সময় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় । এরপর জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় তাকে ।
ঘটনার তদন্তে নেমে ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনজেপি থানার পুলিশ । তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে ।
সুদেব রায়ের সঙ্গে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা , জাল নথি তৈরির পিছনে কোনও চক্র কাজ করছে কিনা , সেই বিষয়গুলিও খতিয়ে দেখছে পুলিশ । সীমান্ত পারাপারের এই চেষ্টার নেপথ্যে আসল উদ্দেশ্য কী ছিল , তা তদন্তের পরই স্পষ্ট হবে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
