শিলিগুড়ি , 20 অগাষ্ট : শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সরকারপাড়ার একটি ‘পেয়িং গেস্ট’ (PG) আবাসন থেকে ১৭ বছর বয়সী এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি গত ১৮ তারিখ গভীর সন্ধ্যায় ঘটেছে । জানা গেছে, ওই ‘পেয়িং গেস্ট’ আবাসনের মালিক নিয়মিত পরিদর্শনের জন্য সেখানে গিয়েছিলেন ।এই সময়ে তারা সেখানে বসবাসরত শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন । এরই মধ্যে একটি ঘরের দরজা বন্ধ অবস্থায় পাওয়া যায় ।
পিজি (PG)-র মালিক দরজায় কড়া নাড়েন , কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে দরজা না খোলায় সন্দেহ দানা বাঁধে। এরপর দরজাটি জোরপূর্বক খোলা হয়। ভেতরের দৃশ্য দেখে সবাই আঁতকে ওঠেন। ঘরের ভেতর এক ১৭ বছর বয়সী ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় ।
ঘটনাটি সম্পর্কে অবিলম্বে ভক্তিনগর থানাকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। পাশাপাশি, তারা ওই ছাত্রীর পরিবারের সদস্যদেরও বিষয়টি জানায়।আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান হয় | ময়নাতদন্তের পর পরিবারের সদস্যরা মৃতদেহটি বাড়িতে নিয়ে যান।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৃতের পরিবার এ বিষয়ে কোনো অতিরিক্ত অভিযোগ দায়ের করেনি।
বর্তমানে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে । মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে |
