Khabar Samay Bangla Blog রাজনীতি Student : ছাত্রভোট , ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবি
রাজনীতি

Student : ছাত্রভোট , ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবি

শিলিগুড়ি , ৫ জুন : ছাত্রছাত্রীদের অধিকার, শিক্ষার পরিবেশ এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ।

শুক্রবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্যরা জানান , গত ২৮ থেকে ৩১ মে পর্যন্ত ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে দেশজুড়ে ছাত্রসমাজের স্বার্থে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে । পশ্চিমবঙ্গেও সেই প্রস্তাবগুলির ভিত্তিতে কর্মসূচি গ্রহণ করা হবে ।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয় , কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো , নিরাপত্তা, স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ছাত্রছাত্রীদের সমস্যাগুলি প্রশাসনের নজরে এনে দ্রুত সমাধানের জন্যও উদ্যোগ নেওয়া হবে । এবিভিপির অন্যতম প্রধান দাবি হল রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা ।

দীর্ঘদিন ধরে ছাত্রভোট না হওয়ায় গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ সংগঠনের । এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানানো হবে বলেও জানানো হয়েছে । সংগঠনের নেতারা বলেন , ছাত্র সমাজের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই ছাত্র ভোটের দাবিতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে । এদিকে আগামী ৯ জুলাই এবিভিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে।

৯ জুলাই থেকে কলেজে কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন ছাত্রমহলে সদস্য সংগ্রহ অভিযান চলবে। ছাত্রছাত্রীদের বৃহত্তর অংশকে সংগঠনের সঙ্গে যুক্ত করার জন্য বিশেষ প্রচার কর্মসূচিও নেওয়া হবে বলে জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version