দার্জিলিং , ২১ মার্চ : আচমকাই সাদা তুষারের চাদরে ঢাকল সান্দাকফু । শনিবার থেকে টানা তুষারপাতের জেরে পাহাড়ি এই পর্যটনকেন্দ্র যেন এক নিমিষে রূপ বদলে ফেলেছে । চারপাশে জমেছে প্রায় ছয় ইঞ্চি পুরু তুষার , আর সেই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে অনেকেই ওই এলাকায় আটকে পড়েছেন ।
প্রশাসন সূত্রে খবর , লাগাতার তুষারপাতের জেরে পাহাড়ি রাস্তাগুলির অবস্থা খারাপ । বিশেষ করে জওহরলাল নেহরু সড়কের একটি বড় অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায় | ফলে সান্দাকফুর সঙ্গে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন । পর্যটকদের যাতায়াতে সমস্যার পাশাপাশি উদ্ধার কাজেও বাধা সৃষ্টি হচ্ছে । অন্যদিকে সিকিমের বিভিন্ন অংশেও একই ছবি ধরা পড়েছে । উত্তর সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ পথ তুষারের কারণে বন্ধ হয়ে পড়েছে । লাচেন থেকে থাঙ্গু এবং সেখান থেকে গুরুদোংমার যাওয়ার রাস্তা পুরোপুরি অচল।
পাশাপাশি ইউমথাং থেকে জিরো পয়েন্ট যাওয়ার পথেও যান চলাচল বন্ধ রয়েছে । তবে সব জায়গাতেই পরিস্থিতি একরকম নয় । চুংথাং থেকে লাচুং ও মঙ্গন পর্যন্ত কিছু রাস্তায় এখনও সীমিতভাবে যান চলাচল চালু রয়েছে । যদিও বড় গাড়ির ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এবং হালকা গাড়ি ছাড়া অন্য যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকছে ।
সব মিলিয়ে , তুষারে মোড়া সান্দাকফুর সৌন্দর্য যেমন পর্যটকদের আকর্ষণ করছে , তেমনই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাড়ছে দু:শ্চিন্তাও । আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসন তৎপর রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ।
