শিলিগুড়ি , ২৭ অগাষ্ট : নেপালের দুর্যোগে নিখোঁজ শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডল | শেষবার মায়ের সঙ্গে কথা হয়েছিল ! ছেলের অপেক্ষায় চোখে জল পরিবারের |
কৈলাস যাওয়ার পথে নেপালের রাসুয়ায় ভয়াবহ হড়পা বানের ঘটনায় নিখোঁজ শিলিগুড়ির সমর মণ্ডল। বউবাজারের বাসিন্দা সমরের কোনও সন্ধান না মেলায় উদ্বেগে তার পরিবার।
১৬ অগাস্ট শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সমর। ১৭ অগাস্ট কাঠমান্ডু পৌঁছনোর পর শুরু হয় কৈলাস যাত্রা । পরিবারের তরফে জানা গিয়েছে , তার সঙ্গে থাকা অন্যান্য যাত্রীরা বর্তমানে নিরাপদেই রয়েছেন । কিন্তু যাত্রাপথে অসুস্থ হয়ে পড়ায় সমরকে দল থেকে আলাদা হয়ে রাসুয়া এলাকায় থাকতে হয়। সেই সিদ্ধান্তের পরই নেপালে নেমে আসে ভয়াবহ বিপর্যয় ।
সমরের পরিবারের কথায় , গতকাল সকাল পর্যন্ত তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল । সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ মায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি । সেটিই পরিবারের সঙ্গে তার শেষ কথা । এরপর থেকে ফোনে আর কোনও সাড়া পাওয়া যাচ্ছে না । প্রথমে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হলেও রাসুয়ায় হড়পা বানের খবর আসার পর সেই উদ্বেগ পরিণত হয়েছে গভীর আতঙ্কে ।
সমরের বর্তমান অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য পরিবারের হাতে আসেনি ।
অন্যদিকে, নেপালের দুর্গত এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে । হেলিকপ্টার ও উদ্ধারকারী দলের মাধ্যমে বিভিন্ন এলাকায় আটকে থাকা মানুষদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা চলছে । এই পরিস্থিতিতে সমরের পরিবারেরও আশা , উদ্ধার অভিযানের মাধ্যমে দ্রুত তার সন্ধান মিলবে। পরিবারের সদস্যদের একটাই আবেদন , নেপালের বিপর্যস্ত এলাকায় খোঁজ চালিয়ে দ্রুত সমরের অবস্থান নিশ্চিত করা হোক এবং তাকে নিরাপদে উদ্ধার করে ফিরিয়ে আনা হোক |
