শিলিগুড়ি , ২১ মার্চ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিলিগুড়িতে এদিন ধরা পড়ল ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল ছবি । শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা । নির্ধারিত সময়ে হাজার হাজার মানুষ একসঙ্গে ঈদের নমাজে শামিল হন।
নমাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে চারদিকে । ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সকলের অংশ গ্রহণে তৈরি হয় এক মানবিক মিলনমেলা।
এই উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেব , এছাড়াও বামফ্রন্ট প্রার্থী শরদিন্দু চক্রবর্তী । তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সমাজে শান্তি , সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার বার্তা দেন ।
এদিন নমাজ পাঠে অংশ নেন শিলিগুড়ি কমিশনারেট পুলিশের ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ । শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনের মধ্য দিয়ে শিলিগুড়ি আবারও প্রমাণ করল , বহুত্বের মধ্যেই একতার শক্তিই শহরের আসল পরিচয় ।
