শিলিগুড়ি , ১০ অক্টোবর : আন্তর্জাতিক ক্রিকেটার ও শ্রীলঙ্কার প্রাক্তন জাতীয় দলের পেস বোলার চ্যামিন্ডা ভাসের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ৪২ তম বাঘাযতীন রোড রেস ।
এই প্রতিযোগিতায় প্রায় ১ হাজার ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন । এ বছর স্কুল পড়ুয়াদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয় ২ কিলোমিটার দৌড়ের। তাতে শতাধিক খুদে প্রতিযোগী অংশ নেয়।
রেস শুরুর আগে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে সংগীতের তালে তালে শরীরচর্চার আয়োজন করা হয় । এরপর হাসমিচক থেকে পতাকা নেড়ে রেসের সূচনা করেন শ্রীলঙ্কার প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার চ্যামিন্ডা ভাস , রাজ্যের পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা । শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রেস শেষ হয় বাঘাযতীন ক্লাব প্রাঙ্গণে ।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান , এবছরই তিনি প্রথমবার এই রোড রেসে অংশ নিলেন । মহালয়ার পুণ্যলগ্নে বাঘাযতীন ক্লাবের এই রোড রেস শহরে অত্যন্ত জনপ্রিয় বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি , আগামী দিনেও এই ধরনের উদ্যোগে সবরকম সহযোগিতার আশ্বাস দেন পর্যটনমন্ত্রী।

