শিলিগুড়ি , ১১ ফেব্রুয়ারী : শহরের বর্ধমান রোডে জলপাইগুড়ি বাস স্ট্যান্ডের সামনে বুধবার সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক স্কুটি চালক । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
স্থানীয় সূত্রে জানা যায় , বর্ধমানরোড থেকে জলপাইমোড়ের দিকে যাচ্ছিলেন এক স্কুটি আরোহী। সেই সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান পিছন দিক থেকে স্কুটিটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে স্কুটি চালক রাস্তায় ছিটকে পড়েন । অভিযোগ , এরপরই পিকআপ ভ্যানটি তাকে পিষে দেয়।
রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত ওই যুবককে দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি । তদন্ত শুরু করেছে পুলিশ । এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে ।

