শিলিগুড়ি , ১১ জুন : আগামী ২০ জুন রাজ্য সরকারের বাজেট পেশের আগে বৃহস্পতিবার উত্তরকন্যায় শিল্প ও বণিক মহলের প্রতিনিধিদের সঙ্গে প্রি-বাজেট বৈঠক অনুষ্ঠিত হল । বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত , প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক ।
বৈঠকে উত্তরবঙ্গের ব্যবসায়ী ও শিল্পপতিদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে আলোচনা হয় । বিশেষ করে শিলিগুড়িতে একটি জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল স্থাপনের দাবি জানান বণিকমহলের প্রতিনিধিরা । তাদের মতে, এর ফলে ব্যবসায়ীদের কলকাতায় ছুটে যাওয়ার প্রয়োজন কমবে এবং জিএসটি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে।
চা শিল্পের সংকট নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। Tea Association of India-এর সম্পাদক সুমিত ঘোষ বন্ধ ও রুগ্ন চা বাগানগুলির পুনরুজ্জীবনের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানান । পাশাপাশি লিজ সংক্রান্ত জটিলতা ও ভর্তুকির বিষয়ও সরকারের নজরে আনা হয় ।
শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্যবসায়ীদের জন্য আরও সুবিধা ও প্রণোদনার দাবি জানিয়েছেন Indian Chamber of Commerce-এর উত্তরবঙ্গ শাখার চেয়ারম্যান হর্ষ বরেলিয়া।
অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত বলেন , বর্তমান সরকার ব্যবসা ও শিল্পের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ । তিনি জানান , শিল্পের উন্নয়নই অর্থনীতির মূল ভিত্তি এবং শিল্পমহলের প্রতিটি দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন ।
