Khabar Samay Bangla Blog ঘটনা Illegal : রাস্তা দখল করে গড়ে ওঠা ভোজনালয়ের অবৈধ অংশ ভাঙা হল
ঘটনা

Illegal : রাস্তা দখল করে গড়ে ওঠা ভোজনালয়ের অবৈধ অংশ ভাঙা হল

শিলিগুড়ি , ১১ জুন : দীর্ঘদিন ধরে সরকারি জমি ও রাস্তা দখল করে গড়ে ওঠা একটি স্থায়ী টিনের শেড নির্মাণ অবশেষে ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম । বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিল শিলিগুড়ি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যেই পুরনিগমের কর্মীরা অবৈধ নির্মাণটি ভেঙে ফেলে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বহুদিন ধরে সরকারি রাস্তার ওপর স্থায়ী টিনের শেড তৈরি করে এবং গত ২-৩ মাস ধরে সেখানে হোটেল ব্যবসা চালানো হচ্ছিল । এর ফলে এলাকার সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছিল । পাশাপাশি ওই রাস্তার আশেপাশে একাধিক বসতবাড়ি থাকায় জরুরি পরিস্থিতিতে রাস্তা ব্যবহার করতে পারছিলেন না তারা । কিন্তু রাস্তা দখল হয়ে যাওয়ায় বাসিন্দাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল বলে অভিযোগ।

খোকন ভট্টাচার্য মার্কেট কমিটির পক্ষ থেকে জানান , এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে এর আগেও পুরনিগম ব্যবস্থা নিয়েছিল। একবার নোটিশ দেওয়ার পর নির্মাণটি ভাঙাও হয়েছিল। কিন্তু পরে পুনরায় একই জায়গায় টিনের শেড তৈরি করে ব্যবসা শুরু করা হয় বলে অভিযোগ । তিনি বলেন, “এই অবৈধ দখলের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছিলেন । এলাকায় জরুরি পরিষেবার গাড়ি প্রবেশের ক্ষেত্রেও বাধা তৈরি হচ্ছিল । বহুবার সতর্ক করা হলেও অভিযুক্ত ব্যক্তি কোনও কথাই শোনেননি বলে অভিযোগ ।”

অন্যদিকে, যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে , সেই ঈশ্বরচন্দ্র মিত্তাল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি সরাসরি পুরনিগমের কাছ থেকে কোনও নোটিশ পাননি। বরং একটি তৃতীয় পক্ষের মাধ্যমে একটি নোটিশ তার হাতে পৌঁছেছিল । তিনি বলেন , “আমি নোটিশ পাওয়ার পরে কিছু সময় চেয়েছিলাম। কারণ যে জায়গায় নির্মাণ রয়েছে , সেটি আমার নিজের জমির ওপর। এটি কোনও সরকারি রাস্তা নয়। তাই আমি মনে করি না এটি অবৈধ নির্মাণ।”

পুরনিগম সূত্রে খবর, শহরের বিভিন্ন এলাকায় সরকারি জমি ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জারি থাকবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে , আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারি সম্পত্তি দখলের কোনও ঘটনাই বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version