শিলিগুড়ি ,২৫ সেপ্টেম্বর : রাজ্যে পালাবদলের পরেই বন্ধ চা বাগান খুলতে তৎপর নতুন সরকার। এবার বন্ধ বাগান খোলার জন্য ৭দিন সময়সীমা বেঁধে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে। এর মধ্যে বাগান না খোলা হলে সরকার তা অধিগ্রহণ করে নতুন মালিককে দিয়ে দেবে। শুক্রবার শিলিগুড়ি শ্রম দপ্তরে চা বাগান নিয়ে বৈঠক করার পর একথা জানালেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। বন্ধ বাগান খোলার পাশাপাশি পিএফের ১০০ কোটি টাকা উদ্ধার সহ পুজোর আগেই শ্রমিকরা ২০ শতাংশ বোনাস পাবে তাও জানিয়ে দেন মন্ত্রী।
চা বাগান সমস্যার সমাধান করা নিয়ে এদিন শিলিগুড়ি দাগাপুরে শ্রম দপ্তরে বৈঠকে বসেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। তার সঙ্গে ছিলেন পরিবহন রাষ্ট্রমন্ত্রী আনন্দময় বর্মন , পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা , সাংসদ রাজু বিস্তা ও মনোজ টিজ্ঞা। এছাড়া দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন বাগানের মালিক , শ্রমিকপক্ষ ।
বন্ধ বাগান খোলার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তৃণমূল আমল থেকে বাগান শ্রমিকরা তাদের প্রাপ্য পিএফ থেকে বঞ্চিত। সেই পিএফের ১০০কোটি টাকা উদ্ধার হলেও আর যা বাকি রয়েছে সেটাও দেখবে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা ৷ টি বোর্ড , ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর , শিল্প ও বানিজ্য সহ শ্রম দপ্তরের আধিকারিকদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে । তারাই বন্ধ বাগানের হাল খতিয়ে দেখবেন ।
তথ্য অনুযায়ী এই মুহুর্তে পুরোপুরি বন্ধ ২১টি বাগান। এছাড়া আংশিক বন্ধ রয়েছে আরও ১১টি বাগান। এই সব বাগান চালু করার জন্য ৭দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো। শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন , “বন্ধ বাগানের দায়িত্ব যারা নেবে তাদের আগে বকেয়া মিটিয়ে দিতে হবে। তারপর তাদের হাতে বাগান তুলে দেওয়া হবে । এছাড়া কোনও প্রমোটার যদি বাগান নিতে চায় তাকেও একইভাবে সরকারের সব শর্ত মেনেই দায়িত্ব নিতে হবে ।
এছাড়া পুজোর আগে প্রতিটি বাগান শ্রমিকদের ২০ শতাংশ বোনাস প্রদান করবে । ইতিমধ্যে ১৯ টি বাগান বোনাস প্রদান করেছে ।
