শিলিগুড়ি , ২২ জুন : বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরি, নগদ টাকা সহ কাসার বাসন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা |
ঘটনাস্থল ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াবান্ধা গ্রাম ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক কিরণবালা রায় প্রায় দেড় মাস আগে অসুস্থ বাবাকে দেখতে বাড়ির বাইরে যান । গত শনিবার তার স্বামী শিলিগুড়ি থেকে বাড়িতে গিয়েছিলেন । এরপর রবিবার সন্ধ্যায় বাড়িতে এসে মূল দরজা খুলতেই দেখতে পান ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে । তখন সন্দেহ হয় যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে ।
কিরণবালা রায় জানান , বাড়ির পিছনের দিকের টিন কেটে এবং দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে । ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করার পাশাপাশি বিয়ের সময় পাওয়া মূল্যবান কাসার বাসনপত্র এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা ।
খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । চুরির সঙ্গে কারা জড়িত এবং কী পরিমাণ সম্পত্তি খোয়া গিয়েছে , তা খতিয়ে দেখছে পুলিশ ।
