শিলিগুড়ি , ১২ এপ্রিল : সেবক রোড আর্মি ক্যাম্পাস থেকে চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করল ভক্তিনগর পুলিশ | গ্রেপ্তার অভিযুক্ত রাকেশ মিস্ত্রি |
সেবক রোডের আর্মি ক্যাম্পাস থেকে চুরি যাওয়া একটি মোটর বাইক উদ্ধারের ঘটনায় সাফল্য পেল ভক্তিনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , শিলিগুড়ি থানা এলাকায় ডাকাতির একটি মামলায় রাকেশ মিস্ত্রি বর্তমানে জেলে ছিল । একাধিক সূত্রকে কাজে লাগিয়ে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ জানতে পারে , সেবক রোড আর্মি ক্যাম্পাস থেকে চুরি যাওয়া মোটর বাইকটির সঙ্গে রাকেশ মিস্ত্রির যোগ রয়েছে । ধৃত রাকেশ মিস্ত্রির বাড়ি খোলাচাঁদ ফাফরি এলাকায়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে , অন্য একটি ডাকাতি মামলায় রাকেশ মিস্ত্রি শিলিগুড়ি জেলে বন্দি রয়েছে । এরপর ভক্তিনগর থানার পুলিশ জলপাইগুড়ি আদালতের নির্দেশে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে । জেরায় রাকেশ মিস্ত্রি মোটর বাইকটি চুরির ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে ।
পুলিশ জানিয়েছে , ধৃতের দেখানো পথ অনুসরণ করে ফাফরি জঙ্গল এলাকা থেকে চুরি হওয়া মোটর বাইকটি উদ্ধার করা হয়েছে ।
উল্লেখ্য , গত ফেব্রুয়ারি মাসে সেবক রোড আর্মি ক্যাম্পাস থেকে মোটর বাইকটি চুরি হয়েছিল । মঙ্গলবার ধৃত রাকেশ মিস্ত্রিকে ফের জলপাইগুড়ি আদালতে তোলা হয় এবং ফের রিমান্ডের আবেদন জানায় ভক্তিনগর থানার পুলিশ ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে ধৃতের কাছ থেকে । ঘটনার তদন্ত করছে ভক্তিনগর পুলিশ।

