November 7, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Smuggling : আলুর বস্তার আড়ালে মহিষ পাচার , গ্রেপ্তার এক

শিলিগুড়ি , ৭ নভেম্বর : বাইরে থেকে দেখলে মনে হবে আলু বোঝাই একটি সাধারণ পণ্যবাহী ট্রাক। আলুর বস্তার আড়ালে বিশেষ কায়দায় তৈরি করা হয়েছিল গোপন চেম্বার । সেই চেম্বারের ভিতর থেকেই উদ্ধার হল ২৯ টি মহিষ।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের এই ছক বানচাল করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে,বিহারের আরারিয়া থেকে মহিষগুলি ট্রাকে করে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল । শনিবার দুপুরে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে , একটি বড় মালবাহী ট্রাকে করে বিপুল সংখ্যক মহিষ পাচার করা হচ্ছে ।

খবরের ভিত্তিতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি আমাইদিঘি এলাকায় নজরদারি শুরু করেন নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশকর্মীরা । এরপর সন্দেহভাজন ট্রাকটিকে আটক করে তল্লাশি চালাতেই সামনে আসে পাচারের অভিনব কৌশল ।

ট্রাকের উপরের অংশে সাজানো ছিল আলুর বস্তা । কিন্তু সেই বস্তার নীচেই তৈরি করা হয়েছিল বিশেষ গোপন চেম্বার । আর সেখানেই গাদাগাদি করে রাখা হয়েছিল ২৯ টি মহিষ ।পুলিশের তল্লাশিতে বিষয়টি প্রকাশ্যে আসে । ঘটনাস্থল থেকে সমস্ত মহিষ উদ্ধার করার পাশাপাশি ট্রাক চালক রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের বাড়ি অসমে বলে জানা গিয়েছে ।


রবিবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে । এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *