শিলিগুড়ি, ২ জুন: উত্তরবঙ্গের রুগ্ন ও বন্ধ চা বাগান পুনরুজ্জীবিত করতে এবং শ্রমিকদের উন্নয়নে অসমের সফল মডেল অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হল উত্তরকন্যার এক উচ্চপর্যায়ের বৈঠকে । টি বোর্ডের একটি প্রতিনিধি দল শীঘ্রই অসম সফরে গিয়ে সেখানে শ্রমিক কল্যাণ ও ন্যূনতম মজুরির ব্যবস্থা খতিয়ে দেখবে ।
বৈঠকে জানানো হয়, চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও সামাজিক সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ ৩১২ কোটি টাকা আগামী ৯ মাসের মধ্যে খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি বকেয়া বোনাস, পিএফ ও গ্র্যাচুইটি দ্রুত মেটানোর ওপর জোর দেওয়া হয়েছে ।
সাংসদ রাজু বিস্তা শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান। এছাড়া চা বাগানে ‘টি ট্যুরিজম’ নীতির প্রভাবও পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা ও পুজোর আগেই বোনাস নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে |