শিলিগুড়ি , ২৪ জুন : পুরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গুলি বন্ধ করে বুধবার দুপুর ১২টা থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান ও ধরনা কর্মসূচিতে সামিল হলেন স্বাস্থ্যকেন্দ্রগুলির কর্মীরা । বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় ।
কর্মবিরতির জেরে এদিন পুরসভার অধীনস্থ একাধিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা ব্যাহত হয় । বিশেষ করে শিশুদের নিয়মিত টিকাকরণ (ভ্যাকসিনেশন) কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ থাকায় অভিভাবকদের সমস্যার সম্মুখীন হতে হয় । স্বাস্থ্যকেন্দ্রে এসে অনেকেই ফিরে যেতে বাধ্য হন।
আন্দোলনকারী কর্মীদের দাবি , দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও তার কোনও সদুত্তর মেলেনি । সেই কারণেই তারা কর্মবিরতি ও ধর্ণা কর্মসূচির পথে হাঁটতে বাধ্য হয়েছেন ।
অন্যদিকে , স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে । আন্দোলনকারীরা দ্রুত সমস্যার সমাধান ও দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন |
