শিলিগুড়ি , ২ এপ্রিল : মানুষ কি চায় খুব ভালোমতো বোঝেন অলোক ধারা । অলোক বাবু পেশায় আইনজীবী ।
অলোক ধারা এবার শিলিগুড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী ।
প্রতিদিন সকাল বিকাল রাত তিন বেলায়ে প্রচার চালাচ্ছেন অলোক বাবু । কিন্তু প্রচার একদম অন্যরকম ।
কখনও তিনি দলীয় পতাকা , ফ্লেক্স , ব্যানার নিয়ে বেরিয়ে পড়ছেন বিভিন্ন ওয়ার্ডের প্রচারে , আবার কখনও যাচ্ছেন প্রাতঃ ভ্রমণকারীদের সঙ্গে জনসংযোগ স্থাপনে । আজ সকালে শিলিগুড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী অলোক ধারা যান শিলিগুড়ি ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম মাঠে ।
যেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন | সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সদানন্দ দাস সহ অনেকেই । তবে কারো হাতে ছিল না দলীয় পতাকা । এমনকি দলীয় উত্তরীয় পর্যন্ত পড়েননি অলোক বাবু ।
অলোক বাবু, সবাইকে একটা কথাই বলছেন , নতুনদের সুযোগ দিন । রাজনৈতিক তর্ক বিতর্ক নয় গঠনমূলক আলোচনা সমালোচনা হোক । মানুষের জন্য কাজ করতে চাই । কুৎসা অপপ্রচার পছন্দ করেন না অলোক বাবু । আজ সকালে ডাবগ্রামের সূর্যনগর মাঠে আসা প্রায় প্রত্যেকের সঙ্গেই কথা বলেন শিলিগুড়ির কংগ্রেস প্রার্থী ।
