শিলিগুড়ি , ২ এপ্রিল : মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার আজ দলীয় সমর্থক ও কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা করলেন ।
মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জানান , প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়ন গ্রহণ করা হয়েছে বলে রিটার্নিং অফিসারের তরফে জানানো হয়েছে । মনোনয়ন জমা দেওয়ার পর শঙ্কর মালাকার বলেন , সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা নিয়েই তিনি এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ।
দিনটির গুরুত্বের কথাও উল্লেখ করে তিনি জানান , একদিকে হনুমান জয়ন্তী , অন্যদিকে শুভ মহেন্দ্রক্ষণ—এই দুই শুভ সময়কে সামনে রেখেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। ভগবান শ্রী হনুমানের কৃপায় দলের প্রচার জোরদার হচ্ছে বলেও দাবি করেন তিনি।
দলীয় সংগঠন নিয়ে আত্মবিশ্বাসী শঙ্কর বলেন , তৃণমূলের কর্মীরা এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন এবং প্রচারে যথেষ্ট সাড়া মিলছে । একই সঙ্গে তিনি অভিযোগ করেন , বিরোধী শিবিরকে কার্যত মাঠে দেখা যাচ্ছে না ।
বিজেপি প্রার্থী আনন্দ বর্মনকে আক্রমণ করে শঙ্কর মালাকার বলেন , ব্যক্তিগতভাবে তিনি তাকে ছোট ভাইয়ের মতো দেখেন , তবে প্রচারে গিয়ে সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হচ্ছে তাকে।
সেই কারণেই সতর্ক করে তিনি বলেন , পরিস্থিতি বিচার করে প্রচারে যাওয়া উচিত , না হলে অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ।
এছাড়াও , গত পাঁচ বছরে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ না হওয়ার অভিযোগও তোলেন শঙ্কর মালাকার। তার দাবি , সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বর্তমান বিধায়ক ও বিরোধী দল ।
