শিলিগুড়ি , ১১ জুলাই : মেয়রের ইস্তফার পর শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকের দায়িত্ব নিয়ে শহর জুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু হয়েছে । সেই অভিযানের অংশ হিসেবে শনিবার এসএফ রোডের একটি হোটেলের সামনে গড়ে ওঠা অবৈধ নির্মাণে বুলডোজার চালালো পুরনিগম ।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে , হোটেলটির সামনে নালার ওপর অবৈধভাবে স্ল্যাব বসিয়ে দখল করা হয়েছিল । এর ফলে নালা পরিষ্কার ও আবর্জনা অপসারণের কাজে বারবার সমস্যার মুখে পড়ছিলেন পুরনিগমের সাফাইকর্মীরা । বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেও একাধিক অভিযোগ জমা পড়ে ।
অভিযোগের ভিত্তিতে নিয়ম মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিস পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অংশ সরানো না হওয়ায় শনিবার পুরনিগমের পক্ষ থেকে বুলডোজার দিয়ে সেই অংশ ভেঙে ফেলা হয় ।
এদিন অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের নবনিযুক্ত কমিশনার অশ্বিনী কুমার রায় সহ অন্যান্য আধিকারিকরা ।
অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার অশ্বিনী কুমার রায় জানান , শহরের যেখানেই অবৈধ নির্মাণের অভিযোগ মিলবে , সেখানেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । অবৈধ দখল বা নির্মাণের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন।
