শিলিগুড়ি , ১৭ এপ্রিল : ডাবগ্রাম-ফুলবাড়ীতে বুথ পরিদর্শনে প্রশাসন , শান্তিপূর্ণ ভোটের বার্তা |
শুক্রবার ডাবগ্রাম-ফুলবাড়ী এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করলেন জলপাইগুড়ির জেলা শাসক (ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট) এবং পুলিশ কমিশনার। আসন্ন নির্বাচনের আগে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে এদিন তারা একাধিক বুথ ঘুরে দেখেন এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন ।
পরিদর্শনের সময় প্রশাসনের শীর্ষ কর্তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সকলকে নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান । ভোটের দিন কোনও রকম সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি হলে দ্রুত প্রশাসনের সহায়তা পাওয়ার জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বরও সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় । ওই নম্বরে যোগাযোগ করলেই তৎক্ষণাৎ প্রশাসনের টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে ।
এদিন পুলিশ কমিশনার জানান , শিলিগুড়ি জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

