August 23, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : মাদক সহ গ্রেপ্তার টোটো চালক

 শিলিগুড়ি , ২৩ অগাষ্ট : মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ । গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ প্রায় ২৮৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক টোটো চালককে গ্রেপ্তার করে । অভিযুক্তের গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গেছে , প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ কর্মীরা গোপন সূত্রে খবর পান যে , নিবেদিতা রোডের শিবকুঞ্জ অ্যাপার্টমেন্টের কাছে এক যুবক একটি টোটো করে যাচ্ছে এবং তার কাছে মাদক রয়েছে । এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় পৌঁছে নজরদারি শুরু করে । সন্দেহের বশে পুলিশ ওই টোটো চালককে থামায় এবং জিজ্ঞাসাবাদ করে । এরপর স্টেশন হাউস অফিসারের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশির সময় অভিযুক্তের কাছে থাকা একটি কালো প্লাস্টিকের প্যাকেট থেকে সন্দেহজনক মাদক দ্রব্য উদ্ধার হয় ।

পুলিশ অবিলম্বে উদ্ধার করা মাদক দ্রব্যটি নিজেদের হেফাজতে নেয়। স্টেশন হাউস অফিসারের উপস্থিতিতে বাজেয়াপ্ত পদার্থটির ওজন পরিমাপ করা হয় এবং দেখা যায় যে এটি প্রায় ২৮৫ গ্রাম ব্রাউন সুগার ।

ধৃত অভিযুক্ত ব্যক্তির নাম রতন রাই | সে ছোটু নামেও পরিচিত । বয়স আনুমানিক ৪০| সে শিলিগুড়ির ২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির বাসিন্দা | পুলিশ সূত্রে জানা গেছে , অভিযুক্ত ব্যক্তি আগেও গ্রেপ্তার হয়েছিল ।

প্রধাননগর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *