September 8, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

North Bengal : বন্ধ চা বাগান খুলতে চলেছে : মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি , ৮ সেপ্টেম্বর : কালিম্পংয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে হেলিকপ্টার নামতে পারলো না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর । মঙ্গলবার কালিম্পং টাউন হলে প্রশাসনিক বৈঠক ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করার কথা ছিল তার । ওই অনুষ্ঠানে ২০২৩ সালে লোনাক হ্রদ ভেঙে হড়পা বানে ক্ষতিগ্রস্ত ৭৩ টি পরিবারকে পুনর্বাসন ও আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা, সাংসদ রাজু বিস্তা , পাহাড়ের তিন বিধায়ক সোনম লামা, নোমান রাই ও ভরত ছেত্রী সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ।

আবহাওয়া মোটের উপর ভালো থাকলেও হেলিপ্যাডে ভিজিবিলিটি একেবারে কম থাকায় ঝুঁকি নেওয়া যায়নি , ফলে হেলিকপ্টারটি ল্যান্ড করতে পারেনি । পরিস্থিতি বুঝে সেটিকে সরাসরি ফুলবাড়িতে নিয়ে যাওয়া হয় । সেখানে অবতরণের পর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় চলে যান ।

এরপর উত্তরকন্যা থেকেই তিনি ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেন এবং সেখান থেকেই সমস্ত সরকারি পরিষেবা প্রদান করেন | পাশাপাশি পাহাড়ে বিপর্যয় মোকাবিলায় ২৫০ কোটি টাকাও বরাদ্দ এর কথা ও ঘোষণা করেন তিনি | চা শ্রমিকদের ২০ শতাংশ পুজো বোনাস দেওয়ার পাশাপাশি বন্ধ চা বাগান খোলার আশ্বাস ও দেন মুখ্যমন্ত্রী |


তিস্তা অববাহিকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ‘অর্জুন বাহিনী’ সহ বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন রাখার কথাও জানান মুখ্যমন্ত্রী। ২০২৫ সালের হড়পা বানে ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণে আর্থিক সাহায্যের পাশাপাশি ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮,৩২৫টি বাড়ি তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
চা বাগানের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অসমের ধাঁচে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা ২০২১’ চালুর কথা জানিয়ে চা বাগানের পরিকাঠামো উন্নয়নে ৩২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়। উৎসবের মরশুমের আগে শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশিকার কথা জানান ।
সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও একাধিক ঘোষণা করা হয় । কালিম্পংয়ের প্রায় ২ লক্ষ ১৮ হাজার বাসিন্দাকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা জানানো হয় । মহিলাদের অন্নপূর্ণা যোজনায় মাসিক ৩ হাজার টাকা এবং বিধবা ও বার্ধক্য ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করার ঘোষণা করা হয় । পাহাড়ে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার পুলিশ কর্মী নিয়োগের কথাও জানান মুখ্যমন্ত্রী এদিন । এর মধ্যে ৩০০ টি পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।


তবে সভার শেষপর্বে জিটিএ-র দুর্নীতি ও অনিয়ম নিয়ে কার্যত কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী । জিটিএ-র অধীনে বেআইনি শিক্ষক নিয়োগ , পানীয় জলের ‘আম্রুত’ প্রকল্পের অর্থের অপব্যবহার এবং লেপচা , তামাং সহ ১১ টি উন্নয়ন বোর্ডের অর্থ নয়ছয়ের অভিযোগের তদন্তের কথা তুলে ধরেন তিনি ।

অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন তদন্ত কমিটি ইতিমধ্যেই পাহাড় পরিদর্শন করেছে বলে জানান মুখ্যমন্ত্রী । তদন্ত শেষ হওয়ার পর অভিযোগ প্রমাণিত হলে এফআইআর , গ্রেফতার এবং সরকারি অর্থের অপব্যবহারকারীদের কাছ থেকে টাকা উসুলের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি ।
এদিন কালিম্পংয়ের পদ্মশ্রী প্রাপক , বিশিষ্ট শিক্ষাবিদ এবং স্বাধীনতা সংগ্রামীদেরও সংবর্ধনা সম্মান জানানো হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *