শিলিগুড়ি , ১৪ নভেম্বর : ছট পুজোকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন । পুণ্যার্থীদের নিরাপত্তা ,ঘাটের পরিকাঠামো ,পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য নাগরিক পরিষেবা সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট পরিদর্শন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ।
ঘাটে পৌঁছে প্রস্তুতির বিভিন্ন দিক ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি । ছট ব্রতী ও সাধারণ মানুষের যাতে কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন বলে জানা গিয়েছে । ছট পুজো উত্তরবঙ্গের অন্যতম বড় ধর্মীয় উৎসব । এই উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই শিলিগুড়ির বিভিন্ন নদী ও জলাশয় সংলগ্ন ঘাটগুলিতে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী । ফলে পুজোর আগে ঘাটগুলির পরিকাঠামো উন্নয়ন , আলোর ব্যবস্থা ,পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ।
সেই বিষয়গুলিকে সামনে রেখেই এবছর প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে , তা সরাসরি পরিদর্শন করেন মন্ত্রী । পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ জানান , ছট পুজোকে সামনে রেখে শিলিগুড়ি পুরনিগম , এসজেডিএ সহ বিভিন্ন সরকারি সংস্থা ইতিমধ্যেই প্রস্তুতির কাজে নেমে পড়েছে । সাধারণ মানুষের কাছ থেকে যে সমস্ত সমস্যা ও দাবি উঠে এসেছিল,সেগুলির অধিকাংশই সমাধানের চেষ্টা করা হয়েছে।তবে প্রত্যেকের সমস্ত দাবি একশো শতাংশ পূরণ করা সবসময় সম্ভব নয়।আর্থিক ও পরিকাঠামোগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ এবং ছট ব্রতীদের সর্বোচ্চ পরিষেবা দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য বলে জানান তিনি।
মন্ত্রী আরও জানান , নতুন সরকার গঠনের পর এবছরই প্রথম ছট পুজোর আয়োজন । তাই এবারের প্রস্তুতি এবং উৎসব পরিচালনার অভিজ্ঞতা আগামী দিনে প্রশাসনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে । বর্তমানে প্রশাসনের কাছে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় মোট ৮৭ টি ছট ঘাটের তথ্য রয়েছে । যদিও বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলেও মনে করছেন তিনি।

