February 2, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

Politics : ‘শ্লোগান’কে ঘিরে দুই দলের বচসা

শিলিগুড়ি , ২ ফেব্রুয়ারী : জয় শ্রীরাম স্লোগানকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ডাবগ্রাম–ফুলবাড়ী এলাকা । অভিযোগ , তৃণমূল কংগ্রেসের একটি মিছিল চলাকালীন দুই যুবকের উপর হামলার ঘটনা ঘটে । ঘটনায় আহত হন ওই দুই যুবক । তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে ।

স্থানীয় সূত্রে খবর , স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই প্রথমে বচসা শুরু হয় , পরে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয় । ঘটনাস্থলে কিছু সময়ের জন্য চরম উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার প্রতিবাদে আজ রাস্তায় নামে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি , রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে । দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে তারা পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তারা ।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রঞ্জন সরকার জানান , হামলার ঘটনা ঘটেনি । তিনি দাবি করেন , গতকাল তাদের মিছিলে হাঁটতে থাকা মহিলাদের সঙ্গে অশ্লীল মন্তব্য করেছে ওই দুই যুবক | বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়িয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে ।

ঘটনা নিয়ে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে । পরিস্থিতির দিকে নজর রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *