শিলিগুড়ি , ১৪ সেপ্টেম্বর : হস্টেলের গণ্ডি পেরিয়ে কয়েক ঘণ্টার জন্য ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু । পরিবারের অনুমতিও ছিল । আগেও এভাবেই বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে নিরাপদে হস্টেলে ফিরেছিল তারা ।
রবিবারের সেই যে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনবে ,তা কল্পনাও করতে পারেনি পরিবার । ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যায় দুই ছাত্র । কোনওরকমে প্রাণে বেঁবাঁচে তাদের তৃতীয় বন্ধু।
খবর পেতেই দিশেহারা ছাত্রের পরিবার মালদা থেকে রাতারাতি শিলিগুড়িতে আসেন । তিন বন্ধুই ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র । হস্টেলে থেকে পড়াশোনা করে । রবিবার ছুটির দিনে তিন বন্ধু মিলে বাইরে বেরিয়েছিল । পরিবারের অনুমতি নিয়েই তারা হস্টেল থেকে বেরিয়েছিল বলে জানা গিয়েছে । এরপর তারা পৌঁছায় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায়।
সেখানে জলে নামার সময় স্থানীয় কয়েকজন জেলে তাদের সতর্ক করেছিলেন । ব্যারেজের জলের স্রোত প্রবল হওয়ায় জলে না নামার পরামর্শও দেওয়া হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই তিন বন্ধু জলে নামে । কিছুক্ষণ পরেই ঘটে বিপর্যয় । আচমকা এক ছাত্র স্রোতের টানে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন তার এক বন্ধু । কিন্তু মুহূর্তের মধ্যেই তিনিও স্রোতের টানে তলিয়ে যায় । স্থানীয় জেলেদের তৎপরতায় তৃতীয় ছাত্রকে কোনওরকমে উদ্ধার করা সম্ভব হয় । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তল্লাশি । ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । পরে নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে সিভিল ডিফেন্সের দলও নামে ।
মহানন্দা ব্যারেজের বিস্তীর্ণ এলাকায় জোরদার তল্লাশি চালানো হলেও দীর্ঘ সময় পর্যন্ত তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি । এদিকে ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েন মালদার বাসিন্দা ছাত্রের মা। ওপর নিখোঁজ বাংলাদেশের বাসিন্দা । ফলে নিখোঁজ দুই ছাত্রকে ঘিরে এখন আরও উদ্বেগ বাড়ছে দুই পরিবারের মধ্যে । মহানন্দা ব্যারেজে এখনও চলছে নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে জোর তল্লাশি ।
