November 26, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Gold : পাচারের আগে অবৈধ সোনা উদ্ধার , গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ২৬ নভেম্বর : ত্রিপুরা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিআরআই)।

এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ১৬টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১ কেজি ৮৫৬গ্রাম । যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৪ লক্ষ ৬৫ হাজার টাকা বলে গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে।

গোপন সূত্রে আধিকারিকদের কাছে খবর আসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে দুই ব্যক্তি অবৈধভাবে বিদেশি সোনা নিয়ে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে । সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যান ডিআরআই আধিকারিকরা। এদিন ভোরে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই S8 কোচে অভিযান চালান গোয়েন্দারা।

সেখানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।এরপর তাদের শিলিগুড়িতে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের কার্যালয়ে নিয়ে আসা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের ব্যাগ ও দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশির সময়ই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ধৃত বিধান দাসের ট্রাউজারে বিশেষভাবে তৈরি গোপন পকেট থেকে উদ্ধার হয় ৬টি সোনার বিস্কুট।

এরপর অপর ধৃত সঞ্জয় দাসের ট্রাউজার থেকে উদ্ধার করা হয় আরও ১০টি সোনার বিস্কুট।সব মিলিয়ে উদ্ধার হয় ১৬টি সোনার বিস্কুট।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে ,বাংলাদেশ থেকে অবৈধভাবে এই সোনা ত্রিপুরায় আনা হয়েছিল।

এরপর সেগুলি কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান গোয়েন্দাদের। ধৃত দুই ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *