শিলিগুড়ি , ২৭ মার্চ : বাড়ির ভেতরেই নকল মদের করবার চলছিল | হঠাৎ হানা আবগারি দপ্তরের | বাজেয়াপ্ত কোটি টাকার সামগ্রী ।
শহরে ফের বড়সড় সাফল্য পেল আবগারি দপ্তর । ভুয়ো বিদেশি মদ তৈরির একটি বড় চক্রের পর্দা ফাঁস করলো আবগারি দপ্তর । উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ স্পিরিট ও মদ তৈরির সরঞ্জাম | গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে ।
বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রেগুলেটেড মার্কেট সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালায় আবগারি দপ্তরের আধিকারিকরা । সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৪০ থেকে ৫০ লিটার স্পিরিট ও জাল মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম । ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মিন্টু মাহাতো (২৬) ও টুনটুন কুমার (৪১)-কে।
মিন্টু শিলিগুড়ির বাসিন্দা হলেও টুনটুনের বাড়ি বিহারে । ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও বড় তথ্য। সেই সূত্র ধরে ডাকনিকাটা এলাকার একটি গুদামে হানা দিয়ে উদ্ধার করা হয় প্রায় ১,৫০০লিটার স্পিরিট ,নকল লেবেল , হোলোগ্রাম , বোতলের ঢাকনা ও বিপুল পরিমাণ খালি বোতল ।
অভিযোগ , এইসব সামগ্রী ব্যবহার করেই তৈরি করা হচ্ছিল ভুয়ো বিদেশি মদ। আবগারি দপ্তরের অনুমান , বাজেয়াপ্ত সামগ্রীর বাজার মূল্য প্রায় ৬২ লক্ষ ৪০হাজার টাকা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে , এই চক্রটি বিপুল পরিমাণ স্পিরিট মজুত করে নকল বিদেশি মদ তৈরি করে বিহারে পাচার করত ।
শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মদ তৈরির কাঁচামাল কোথা থেকে আসছিল , তা জানতে তদন্তে নেমেছে দার্জিলিং জেলার আবগারি দপ্তর ।
