শিলিগুড়ি , ১৭ অগাষ্ট : সেবক রোড এলাকায় অভিযান শিলিগুড়ি পুরনিগমের । প্রণামী মন্দির এলাকা থেকে শুরু করে সেভক রোড জুড়ে এই অভিযান চালায় পুরনিগম । অভিযানে নেতৃত্ব দেন পুরকমিশনার বীর বিক্রম রাই।
পুরকমিশনার জানান , এটি ছিল পুরনিগমের সারপ্রাইজ ভিজিট । পরিদর্শনে দেখা যায়, সেভক রোডের বিভিন্ন জায়গায় দোকানের সামনে ড্রেন বন্ধ করে রাখা হয়েছে । এর ফলে নিকাশি সমস্যা বাড়ছে এবং জল জমে থাকার সমস্যা তৈরি হচ্ছে ।
বীর বিক্রম রাই বলেন , ড্রেন ব্লক থাকার কারণে জল জমে থাকলে মশার বংশবৃদ্ধি হতে পারে এবং ডেঙ্গুর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে । তাই নিকাশী নালা পরিষ্কার রাখা এবং নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ।
তিনি আরও জানান , এলাকায় পুরনিগমের নিয়ম ভেঙে যে সব কাজ করা হয়েছে , সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখল বা নির্মাণের পাশাপাশি ড্রেন বন্ধ করে ব্যবসা করার বিষয়েও পুরনিগম কড়া পদক্ষেপ করবে।
