November 27, 2026
Sevoke Road, Siliguri
Uncategorized

Meeting : ‘নগরবন’ প্রকল্পের অগ্রগতি সহ একাধিক বিষয়ে বৈঠকে বনমন্ত্রী

শিলিগুড়ি , ২৭ নভেম্বর : উত্তরবঙ্গে হাতি ও বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘাত কমানো থেকে শুরু করে বক্সায় বাঘের সংখ্যা বাড়ানো এবং শিলিগুড়ি সংলগ্ন বৈকুন্ঠপুর বনাঞ্চলে ‘নগরবন’ প্রকল্পের অগ্রগতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে শুক্রবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও । উত্তরবঙ্গের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় ।

শিলিগুড়ির পাশে বৈকুণ্ঠপুর বনাঞ্চলে ‘নগরবন’ প্রকল্প পরিদর্শন ও অগ্রগতি প্রসঙ্গে বনমন্ত্রী জানান , ডিপিআর তৈরির কাজ চলছে এবং তা সম্পন্ন হলেই কাজ শুরু হবে । তিনি আরও জানান , নগরায়ণ ও বনাঞ্চলের মধ্যে ভারসাম্য রেখে উভয় পক্ষ যাতে লাভবান হয় , সেই ভাবনা থেকেই এই প্রকল্প শুরু হচ্ছে । আগামী এক-দেড় মাসের মধ্যে ডিপিআর জমা হবে বলে তিনি আসা প্রকাশ করেন |

উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চল থেকে ধান ও ফসলের টানে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা এবং তা প্রতিরোধের ব্যবস্থা নিয়ে বনমন্ত্রী বলেন , বক্সা , জলপাইগুড়ি ও গরুমারায় পাইলট প্রজেক্ট শুরু হয়েছে । বক্সায় সফল ও পর্যাপ্ত হলে ধাপে ধাপে অন্যান্য হাতি করিডরেও তা প্রয়োগ করা হবে । ফেন্সিং ও হাতি নালা কাটার পাশাপাশি সিসিটিভি এবং থার্মাল ক্যামেরা বসানোর কাজও এগিয়ে নেওয়া হচ্ছে । মনোজ ওঁরাও জানান, মাদারিহাটের কয়েকটি রেঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয়দের নিয়ে গড়ে ওঠা কোর টিম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি এবং গ্রামবাসীদের সমন্বয়ে দিনরাত পাহারা ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যানুয়াল ট্র্যাকিংয়ে ভালো ফল মিলেছে।

বন দপ্তরে আধিকারিক ও কর্মীর ঘাটতির কথা স্বীকার করে তিনি জানান, ৪০০ কনস্টেবল ও ১০০ সাব-ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে এবং তার আগে রাজ্য পুলিশের কাছ থেকে প্রায় ৫০০ কর্মীকে ডেপুটেশনে আনারও চেষ্টা চলছে |

বক্সায় ছাড়া বাঘিনী ‘ডুয়ার্স রানি’ প্রসঙ্গে বনমন্ত্রী জানান, বাঘ আপাতত বক্সার কোর এলাকাতেই ঘোরাঘুরি করছে । ভবিষ্যতে নতুন বাঘ-বাঘিনী আনার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, তখন শুধু বাঘের এনক্লোজার নয় , স্পটেড ডিয়ার, ওয়াইল্ড বোর বা সম্বর হরিণের মতো প্রাণীর জন্য তিনটি আলাদা এনক্লোজার এবং কোয়ারেন্টাইন এনক্লোজার তৈরি করা হবে।

বক্সা, ভুটানের ফিপসু এবং অসমের রায়মোনাকে বন্যপ্রাণীর দৃষ্টিতে ‘একটাই জঙ্গল’ আখ্যা দিয়ে মনোজ ওঁরাও বলেন, মানুষ নিজের স্বার্থে, নিজেদের সুবিধামতো ভাগ করে রেখেছে বণাঞ্চলকে । বাঘের ক্ষেত্রে বা বন্যপ্রাণীর ক্ষেত্রে ওই জঙ্গলটা একটাই। বক্সায় ধাপে ধাপে একাধিক বাঘ ছাড়া হলে সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তারা নিজে থেকেই ফিপসু ও রায়মোনার দিকে ছড়িয়ে পড়বে | ঠিক যেমন সুন্দরবন ও বাংলাদেশের মধ্যে সীমা থাকলেও বাঘের ক্ষেত্রে কোনো সীমানা থাকে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *