Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Notice : রেলের উচ্ছেদ নোটিস ঘিরে নতুন করে উত্তেজনা
উত্তরবঙ্গ ঘটনা

Notice : রেলের উচ্ছেদ নোটিস ঘিরে নতুন করে উত্তেজনা

শিলিগুড়ি , ২৯ অক্টোবর : রেলের উচ্ছেদ নোটিস ঘিরে নতুন করে উত্তেজনা শিলিগুড়ি রেলওয়ে জংশন এলাকায় । দীর্ঘদিন ধরে রেলের জমিতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা প্রায় ২০০ জন দোকানদারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা । এনএফ রেলের কাটিহার ডিভিশনের তরফে জারি করা নোটিসে আগামী ১৫ দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । নির্ধারিত সময়ের মধ্যে দোকান না সরালে নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

রেলের দাবি , সংশ্লিষ্ট দোকানদাররা রেলের জমি দখল করে ব্যবসা করছেন । রেলের জমি দখলমুক্ত করার উদ্দেশ্যেই এই নোটিস জারি করা হয়েছে । তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে বৃহস্পতিবার শিলিগুড়ি জংশন এলাকার ছোট-বড় দোকানদার , চায়ের দোকানের মালিক এবং ঠেলা ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা বন্ধ রেখে প্রতিবাদে শামিল হন ।

ব্যবসায়ীদের বক্তব্য , দীর্ঘ কয়েক বছর ধরে এই ব্যবসার উপর নির্ভর করেই তাদের সংসার চলে। হঠাৎ করে দোকান সরিয়ে দেওয়া হলে শুধু ব্যবসায়ীরাই নন, তাদের পরিবারের সদস্যরাও চরম আর্থিক সংকটের মুখে পড়বেন । তাই উচ্ছেদের আগে বিকল্প জায়গা এবং উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

দোকানদারদের স্পষ্ট বক্তব্য , রেলের উন্নয়নমূলক কাজের বিরোধিতা তাদের উদ্দেশ্য নয় । তবে উন্নয়নের স্বার্থে দোকান সরাতে হলে তার আগে ব্যবসায়ীদের জীবিকা সুরক্ষিত করতে হবে।

এই সমস্যা নিয়ে কাটিহার ডিভিশনের ডিআরএমের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ব্যবসায়ীরা। তবে বৃহস্পতিবার তার সঙ্গে সাক্ষাৎ সম্ভব হয়নি বলে জানান তারা । এবার বিষয়টি স্থানীয় বিধায়ক ও মন্ত্রীর কাছেও তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন দোকানদাররা। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপেরও আবেদন জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version