ফুলবাড়ি , ২৯ অক্টোবর : দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই শুরু উচ্ছেদ অভিযান । আর মাত্র কয়েক দিনের অপেক্ষা । কিন্তু তার আগেই অন্ধকার নেমে এসেছে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন অম্বিকানগর ও সাউথ কলোনি বাজার এলাকার বহু ব্যবসায়ীর জীবনে।
নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের উন্নতিকরণ এবং রাস্তা সম্প্রসারণের কাজের জন্য রাস্তার দু’পাশে থাকা ব্যবসায়ীদের আগেই নোটিশ দিয়েছিল রেল কর্তৃপক্ষ। সেই নির্দেশ মেনে বেশ কয়েকজন ব্যবসায়ী নিজেরাই তাদের দোকান সরিয়ে নেন । তবে এখনও কিছু ব্যবসায়ী দোকান না সরানোয় বৃহস্পতিবার সকালে এলাকায় বুলডোজার পৌঁছতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক । পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত অনেক ব্যবসায়ী নিজেরাই দোকান সরিয়ে নিতে বাধ্য হন ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য । ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও । ব্যবসায়ীদের আশঙ্কা , এই উচ্ছেদের জেরে তাদের দীর্ঘদিনের ব্যবসা এবং রুজি রোজগার বড়সড় ধাক্কার মুখে ।
কেউ গত ৪০ বছর ধরে , কেউ ২০ বছর, আবার কেউ ১০ বছর ধরে এই এলাকায় ব্যবসা করে আসছেন । তাদের অভিযোগ , দীর্ঘদিনের ব্যবসার জায়গা ছেড়ে দিতে হওয়ায় তাদের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ । ব্যবসায়ীদের বক্তব্য, দোকানই তাদের পরিবারের আয়ের প্রধান উৎস। ফলে হঠাৎ করে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হওয়ায় সংসার চালানো নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছে ।
এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা । তাদের দাবি , উন্নয়নমূলক কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা মানুষগুলির জীবিকা ও পরিবারের ভবিষ্যতের বিষয়টিও বিবেচনা করা হোক।
ব্যবসায়ীদের এই আবেদন শোনার পর রেল কর্তৃপক্ষের তরফে কোনও বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসন নিয়ে পদক্ষেপ করা হয় কি না সেদিকে তাকিয়ে সকলে ।
