শিলিগুড়ি , ২৪ অক্টোবর :: রাজ্যের খো-খো খেলোয়াড়দের সরকারি চাকরি প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানাল শিলিগুড়ি মহকুমা খো-খো সংস্থা । সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মন্ত্রী ড. শঙ্কর ঘোষকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে ।
গত ৭ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ৭৮ জন খেলোয়াড়কে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । এর মধ্যে শিলিগুড়ি থেকে মোট ৯ জন আন্তর্জাতিক ও জাতীয় স্তরের খেলোয়াড় সরকারি চাকরির সুযোগ পেয়েছেন বলে দাবি করেছে সংস্থা ।
চাকরিপ্রাপ্ত খেলোয়াড়রা হলেন সালমা মার্ডি , পলাশ পাল , মনোজ সরকার , জ্যোতি বিশ্বকর্মা , সঞ্জিত মাহাতো , অনুকূল সরকার , জটিয়া খাতুন , মানিস সরকার এবং সঞ্চারী ঘোষ।
সংস্থার মতে , রাজ্য সরকারের এই উদ্যোগ খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।
এছাড়াও , ২০২৭ সালে শিলিগুড়ি মহকুমা খো-খো সংস্থার সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপিত হবে । ১৯৭৭ সালে স্বর্গীয় পানু দত্ত মজুমদারের হাত ধরে এই সংস্থার প্রতিষ্ঠা হয়েছিল । সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠানের সূচনা করবেন রাজ্যের মন্ত্রী ড. শঙ্কর ঘোষ বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
সংস্থার সচিব ভাস্কর দত্ত মজুমদার এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খেলোয়াড়দের অভিনন্দন জানানোর পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

