July 3, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

CPIM : দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন মহম্মদ সেলিম


শিলিগুড়ি , ৩ জুলাই : উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর কর্মসূচির মাঝেই শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করলেন সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম। বৈঠকে কেন্দ্র ও রাজ্যের একাধিক ইস্যুতে তীব্র সমালোচনা করেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে মহম্মদ সেলিম দাবি করেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনঘন বিদেশ সফরে সাধারণ মানুষের কোনও লাভ হচ্ছে না। বরং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, ডলারের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং ভারতীয় মুদ্রার দাম কমছে ।

মিড-ডে মিলে সয়াবিন ব্যবহারের প্রসঙ্গ টেনেও তিনি কেন্দ্রের নীতির সমালোচনা করেন । বুলডোজার নীতি নিয়েও সরব হন তিনি। তার অভিযোগ, অবৈধ নির্মাণ উচ্ছেদের নামে বহু খেটে-খাওয়া মানুষের জীবিকা নষ্ট হচ্ছে এবং কর্মসংস্থান হারাচ্ছেন সাধারণ মানুষ। পাশাপাশি উত্তরবঙ্গের বন্ধ চা-বাগানগুলি দ্রুত খুলে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের হস্তক্ষেপ দাবি করেন।

তবে সমালোচনার পাশাপাশি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগের প্রশংসাও করেন মহম্মদ সেলিম। মানুষের কথা শোনার জন্য নিয়মিত উত্তরবঙ্গে আসাকে তিনি ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি দাবি করেন, অতীতে শুধুমাত্র আনুষ্ঠানিক সফর হলেও বাস্তব কাজের অভাব ছিল।

এছাড়াও শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি-সহ তৃণমূল আমলের বিভিন্ন অনিয়মের তদন্ত করে সমস্ত তথ্য জনসমক্ষে আনার দাবি জানান তিনি। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও তোলেন। তবে উল্লেখ্য, এই সমস্ত বক্তব্য ও অভিযোগ মহম্মদ সেলিমের নিজস্ব রাজনৈতিক মতামত , যার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির প্রতিক্রিয়া এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *