শিলিগুড়ি , ২৮ জুন : পাহাড় ও সমতলে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির প্রভাবে ফুলেফেঁপে উঠেছে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ । জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রবিবার নিরাপত্তার স্বার্থে ব্যারেজের একাধিক লকগেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
সকালের পর লকগেট খুলতেই প্রবল বেগে জল বের হতে দেখা যায়। বিশাল জলরাশি নেমে যাওয়ার দৃশ্য দেখতে ব্যারেজ সংলগ্ন এলাকায় বহু মানুষের ভিড়ও জমায় । তবে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে । আবহাওয়া দপ্তর আগেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল।
সেই সতর্কবার্তা অনুযায়ী শনিবার রাতভর পাহাড়ি অঞ্চল ও সমতলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বৃষ্টি হয় | যার সরাসরি প্রভাব পড়েছে মহানন্দা নদীর জলস্তরের উপর । পাহাড়ি এলাকা থেকে নেমে আসা অতিরিক্ত জল দ্রুত ব্যারেজে পৌঁছনোর ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ।
আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ একই রকম থাকলে জলস্তর আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে । পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও সেচ দপ্তর যৌথভাবে নজরদারি চালাচ্ছে । নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং যেকোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে প্রশাসনের তরফে ।
