শিলিগুড়ি , ২৬ জুন : ফুটপাত দখল করে তৃণমূল কংগ্রেসের কার্যালয় , নোটিশ জারি করল পুরনিগম |
১৯ ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত ৪১ নম্বর ওয়ার্ডের ইসকন রোড সংলগ্ন বিদ্যাবতি সরণিতে ফুটপাত দখল করে তৃণমূল কংগ্রেসের কার্যালয় তৈরি করা আছে । যেখানে গত পুর বোর্ড শহর জুড়ে ফুটপাত ও ড্রেন দখল করে থাকা বিভিন্ন অবৈধ নির্মাণ ভেঙেছে । সেখানে দিব্যি দাঁড়িয়ে রয়েছে এই তৃণমূল কার্যালয় । তবে তৃণমূলের বোর্ড ভেঙে শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক বসতেই শিলিগুড়ি পুরনিগমের কমিশনারের নজরে পড়ল তৃণমূলের এই অবৈধ কার্যালয় , জারি হল নোটিশ ।
আজ শিলিগুড়ি পুরনিগমের কমিশনার শিলিগুড়ির ইসকন রোড পরিদর্শনে যান । মূলত ময়লা আবর্জনা ঠিকঠাক পরিষ্কার হচ্ছে কিনা তা দেখতে |
তবে পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান ফুটপাত দখল করে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ।
সেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পেছনেই তৈরি করা হয়েছে ফুটপাত দখল করে গাছ লাগানোর বা ছোট পার্ক আকৃতির একটি জায়গা । যা তৈরি করতে নাকি সরকারি তহবিল থেকে খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা । এই বিষয়গুলি পুর কমিশনারের নজরে আসতেই , সাধারণ মানুষকে বিপদে ফেলে , সরকারি তহবিলের টাকা তছরুপ করে , ফুটপাত দখল করে তৈরি হওয়া সেই পার্ক ভেঙে গুঁড়িয়ে দেয় শিলিগুড়ি পুরনিগম।
পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের কমিশনার, পুর-কর্মীদের নির্দেশ দেন ফুটপাত দখল করে থাকা তৃণমূলের সেই কার্যালয়ের বিরুদ্ধে নোটিশ জারি করার। পুরনিগম সূত্রের খবর নোটিশ জারি করে সময়সীমা বেঁধে দেওয়া হবে। সেই সময়ের মধ্যে নিজে থেকেই এই তৃণমূল কংগ্রেস কার্যালয় সরিয়ে না নিলে , অবৈধ তৃণমূল কংগ্রেস কার্যালয়ের বিরুদ্ধে অভিযান করবে পুরনিগম।
