September 11, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস , ৯ অভিযুক্তকে আদালতে পেশ

শিলিগুড়ি ,১১ সেপ্টেম্বর : মাটিগাড়ার ওয়েবেল আইটি পার্কে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করল শিলিগুড়ি পুলিশ ও এসটিএফ । গতকাল গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ওয়েবেল আইটি পার্কের একটি কল সেন্টারে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশের বিশাল বাহিনী । অভিযানে উপস্থিত ছিলেন ডিসিপি সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং এসটিএফের সদস্যরা ।

অভিযোগ , ওই কল সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকদের লক্ষ্য করে ভুয়ো কল করা হচ্ছিল । বিভিন্ন কৌশলে বিদেশিদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে ।

অভিযান চালিয়ে পুলিশ কল সেন্টার থেকে একাধিক সামগ্রী ও নথিপত্র উদ্ধার করার পাশাপাশি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ।

আজ এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মোট ৯ জন অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । ধৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের অধিকাংশেরই বয়স তুলনামূলকভাবে কম ।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে , দীর্ঘদিন ধরে ওই কল সেন্টার থেকে বিদেশি নাগরিকদের টার্গেট করে প্রতারণামূলক কল পরিচালনা করা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছ , প্রতারণার মাধ্যমে কত টাকা লেনদেন হয়েছে এবং এর পিছনে কোনও বড় নেটওয়ার্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা ।

আদালতে পেশের পর অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *