Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Medical : উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মান উন্নয়নে জোর
উত্তরবঙ্গ ঘটনা

Medical : উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মান উন্নয়নে জোর

শিলিগুড়ি , ৩০ জুলাই : উত্তরবঙ্গের অন্যতম প্রধান সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং রোগী পরিষেবার মান আরও উন্নত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রোগী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠক শেষে রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ জানান , দীর্ঘদিন ধরে ঝুলে থাকা উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে প্রতিটি প্রকল্পের জন্য পৃথক নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে ।


তিনি জানান , আগামী এক বছরের মধ্যে হাসপাতালের ক্যানসার কেয়ার ইউনিট এবং ৫০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লকের কাজ সম্পূর্ণ করে সাধারণ মানুষের জন্য চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে । বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক হরিশঙ্কর পানিকর , মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসি প্রামানিক, হাসপাতালের সুপার কৌশিক ঈশোর-সহ অন্যান্য আধিকারিকরা।


সুপার স্পেশালিটি ব্লকের অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রী বজানান , ইতিমধ্যেই তিনটি বিভাগের পরিষেবা চালু হয়েছে এবং তিনজন নিউরোসার্জন যোগ দেওয়ায় নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা শুরু হয়েছে । বাকি চারটি বিভাগ মিলিয়ে মোট সাতটি বিভাগ সম্পূর্ণভাবে চালু হতে দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে। তবে কার্ডিয়াক সার্জারি ও ক্যাথল্যাব সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানে স্বাস্থ্য ভবনের সঙ্গে আলোচনা করে আগামী দুই-এক দিনের মধ্যেই একজন নোডাল অফিসার নিয়োগ করা হবে।

মর্গে মৃতদেহ হস্তান্তরের নামে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে এদিন জানান তিনি । কোনো চিকিৎসক, নার্স বা হাসপাতালের কর্মীর যোগসাজশ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি ।

এছাড়া দীর্ঘদিনের জমে থাকা হাসপাতাল চত্বরে বর্জ্য অপসারণের জন্য শিলিগুড়ি পুরনিগমের সঙ্গে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকার বার্ষিক চুক্তি চূড়ান্ত হয়েছে । আগামী সপ্তাহ থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হতে চলেছে ।
নতুন প্রিন্সিপাল , এমএসভিপি এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং সাধারণ রোগীরা তার সুফল পাবেন বলে আশাপ্রকাশ করেন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version