জলপাইগুড়ি , ৯ মার্চ : জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত গরুমারা জাতীয় অভয়ারণ্যের মধ্যে অবস্থিত টিয়া বনে ছড়িয়ে পড়ছে দাবানল | গত দুদিন থেকে ধোঁয়ায় ঢেকেছে আকাশ ,আগুনের লেলিহান শিখা গ্রাস করছে উঁচু গাছে বসবাসকারী পক্ষী কুলকে |
স্থানীয় স্বেচ্ছাসেবী এবং ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দার বন বিভাগের কর্মীরা গাছের ডাল দিয়েই অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গলের এই আগুন নিয়ন্ত্রণে আনতে।
এই টিয়া বনে রয়েছে বিশেষ হেলি প্যাড, ডুয়ার্স অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় এলে এই হেলি প্যাডে অবতরণ করেন তিনি ।
তবে এই ঘটনা নতুন কিছু নয় , বিগত দেড় দশকে চালসা, লাটাগুড়ি ,মালবাজার প্রভৃতি অঞ্চলে জঙ্গলের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শাসক দলের মদতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে হোটেল ,রিসোর্ট এই অভিযোগ প্রায়ই তোলেন পরিবেশ প্রেমিরা সহ রাজনৈতিক সংগঠন গুলো ।
অবৈজ্ঞানিক ভাবে শুকনো মরশুমে জঙ্গলের গভীরে দেদার প্রবেশ এবং বেড়াতে আসা এক শ্রেনীর উশৃঙ্খল পর্যটকদের আচরণে ফল এই দাবানল বলেই দাবি করেন পরিবেশকর্মীরা |
অপরদিকে বন বিভাগের কর্মীদের কথায় জঙ্গল লাগোয়া বনবস্তির মানুষ গবাদি পশু চড়াতে নিয়ে যায় তাদের কারণেও জঙ্গলে ছড়িয়ে পড়তে পারে দাবানল |
Fire : গরুমারা জাতীয় অভয়ারণ্যের টিয়া বনে দাবানল !
