শিলিগুড়ি , ৫ এপ্রিল : জাল নথি তৈরি করে হাসপাতালে কাজ , শিলিগুড়িতে সপরিবারে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক |
জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করে দীর্ঘ আট বছর ধরে ভারতে বসবাসের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক বাংলাদেশি পরিবার । গতকাল ফুলবাড়ি সীমান্ত সংলগ্ন এলাকা থেকে স্বামী , স্ত্রী ও তাদের এক সন্তানকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে , ধৃতদের নাম আজম আলী এবং তার স্ত্রী রিমা আকতার। তাদের সঙ্গে তাদের নাবালিকা মেয়েকেও আটক করেছে পুলিশ । ২০১৬ সালে বাংলাদেশের মঠেরগঞ্জ এলাকা থেকে চিকিৎসার জন্য বৈধ কাগজ পত্র নিয়ে তারা ভারতে প্রবেশ করেছিলেন । ২০১৯ স্বামী ও স্ত্রী ভিসার মেয়াদ শেষ হয় অন্যদিকে ২০২১ সালে মেয়ের ভিসার মেয়াদ শেষ হয় গেলেও তারা সপরিবারে ভারতেই থেকে যাওয়ার পরিকল্পনা করে ।
গত কয়েক বছর ধরে আজম আলী সপরিবারে কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে বসবাস করছিল । সেখানে নিজের আসল পরিচয় গোপন করে অবৈধ ভাবে জাল আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট তৈরি করে । এমনকি এই জাল নথির সাহায্যেই ব্যাঙ্গালুরুর একটি নামী হাসপাতালে কাজও করছিল আজম ।
গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায় । সন্দেহভাজন হিসেবে ওই পরিবারটিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে ।
অবৈধভাবে সীমান্ত পারাপার এবং ভারতীয় নথি জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । আজ ধৃত তিন জনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। জালিয়াতির এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তারা অন্য কোনো অসাধু উদ্দেশ্যে ভারতে ছিল কি না , তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ।

