শিলিগুড়ি , ৩১ মার্চ : নিজের বাড়ির এলাকাতেই দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আইনজীবী অলোক ধারা । প্রচারের সূচনা লগ্ন থেকেই এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে দেখা যায় তাকে ।
এদিন দেওয়াল লিখনের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন প্রার্থী । তিনি জানান , সাধারণ মানুষের মতামত ও সমস্যাকে গুরুত্ব দিয়েই তিনি তার নির্বাচনী লড়াই এগিয়ে নিয়ে যেতে চান ।
প্রচারে বেরিয়ে অলোক ধারা বলেন , মানুষ যদি তাকে সমর্থন করেন , তাহলে শিলিগুড়ির সার্বিক উন্নয়নই হবে প্রধান লক্ষ্য । এই মুহূর্তে শহর নানা সমস্যায় জর্জরিত । সেই সমস্যাগুলির স্থায়ী সমাধান করাই তার অগ্রাধিকার থাকবে |
তিনি আরও জানান , শিলিগুড়িকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘স্মার্ট সিটি’ প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া তার অন্যতম প্রধান উদ্দেশ্য । পাশাপাশি , উন্নয়নের লড়াইয়ে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার বার্তাও দেন তিনি ।
