June 7, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Clock : নাগরিক স্বার্থে একসঙ্গে কাজ করার বার্তা গৌতম – শংকরের

শিলিগুড়ি , ৭ জুন : শহরের রাজনীতিতে মতের অমিল থাকলেও নাগরিক স্বার্থে একসঙ্গে কাজ করার বার্তা মিলল রবিবার । শিলিগুড়ির প্রাণকেন্দ্র পানিট্যাঙ্কি মোড়ের নবনির্মিত ক্লক টাওয়ারের উদ্বোধন ঘিরে একই মঞ্চে দেখা গেল রাজ্যের পূর্ণমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে । দুই রাজনৈতিক শিবিরের এই সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি নজর কেড়েছে সাধারণ মানুষেরও ।


রবিবার সকালে দার্জিলিং মেলে করে এনজেপি স্টেশনে পৌঁছেই পরিচিত ছন্দে শহরের পথে বেরিয়ে পড়েন শঙ্কর ঘোষ । স্কুটিতে চেপে বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি মন্দিরে পুজো দেন তিনি । এরপর সেবক রোডের ইন্টারন্যাশনাল মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন । সেখানেই উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব-সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দুই নেতাকে একসঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় । জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলানো থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান—সব ক্ষেত্রেই পাশাপাশি ছিলেন তারা । উপস্থিতদের একাংশের মতে , রাজনৈতিক সৌজন্যের এমন ছবি বর্তমান সময়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।


অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময়ও দুই নেতার মধ্যে আন্তরিকতা ধরা পড়ে । সাংবাদিকদের ভিড়ের মধ্যেও একে অপরকে সহযোগিতা করতে দেখা যায় তাদের । পরে একই সঙ্গে হেঁটে তারা পানিট্যাঙ্কি মোড়ের দিকে রওনা দেন , যেখানে অপেক্ষা করছিল দিনের মূল অনুষ্ঠান ।
দীর্ঘ প্রায় ২৩ বছর পর নতুন রূপে সেজে ওঠা ক্লক টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শঙ্কর ঘোষ ও গৌতম দেব । শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় প্রায় ছয় মাস ধরে চলা সংস্কার কাজের পর রবিবার শহরবাসীর জন্য উন্মুক্ত করা হয় ক্লক টাওয়ারটি । একসঙ্গে ফিতা কেটে উদ্বোধনের মাধ্যমে দুই নেতা যেন উন্নয়নের প্রশ্নে ঐক্যের এক বিশেষ বার্তাও তুলে ধরলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *